Logo Logo

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) রাতে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি পদপ্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত তরিক শেখ নামে এক আসামিকে একই রাতে গ্রেপ্তার করা হয়।

মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

থানা সূত্রে জানা যায়, মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান এবং শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি আইয়ুব আলী জানান, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ইমন ইসলাম (২২) নামে এক ব্যক্তি ৭৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর বুধবার রাতেই ৩৩ নম্বর এজাহারভুক্ত আসামি তরিক শেখকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে একটি তোরণ নির্মাণ করা হয়।

এরপর একই দিন রাতে এবং পরদিন রোববার (২ আগস্ট) রাতে ওই তোরণে দুই দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তোরণের নিচের অংশের উভয় পাশ পুড়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...