Logo Logo

বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রস্তাব


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে মেয়াদ শেষ হওয়া ১১টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল এ প্রস্তাব জেলা প্রশাসনের অনুমোদনের জন্য পাঠিয়েছেন।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর (সংশোধিত ২০২৪) বিধান অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার প্রজ্ঞাপনও জারি করেছে।

তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলায় মোট ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হয়েছে। ফলে এসব ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে প্রস্তাবটি জেলা প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউএনও আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পরিচালিত হয়, সে লক্ষ্যেই প্রশাসক নিয়োগ কার্যকর করা হবে।

প্রশাসক নিয়োগ নিয়ে অপপ্রচারের বিষয়ে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, একটি মহল ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে না বুঝেই বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। অথচ তিনি সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলায় সরকারি কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম যাতে স্থবির না হয় এবং সাধারণ মানুষ নিয়মিত সরকারি ও স্থানীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...