Logo Logo

বাকেরগঞ্জে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, আলোচনায় নতুন মুখ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী—নতুন ও পুরোনো মুখের পদচারণায় সরগরম হয়ে উঠেছে উপজেলার হাটবাজার, চায়ের দোকান ও রাজনৈতিক অঙ্গন।


বিজ্ঞাপন


এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার ঘুরে দেখা গেছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে। বিশেষ করে এবার আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ, যাদের আগে এলাকায় রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডে তেমন সম্পৃক্ততা দেখা যায়নি।

দীর্ঘদিন এলাকার বাইরে থাকা কিংবা স্থানীয় রাজনীতিতে অপরিচিত এসব ব্যক্তি এখন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ও নতুন বার্তা নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অনেকে সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচিতি ও অবস্থান তৈরি করতে পোস্টার, লিফলেট এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। কেউ কেউ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে নিজেদের প্রার্থিতার বিষয়টি তুলে ধরছেন।

আবার কয়েকজন সম্ভাব্য প্রার্থী সরকারি দলের প্রভাবশালী নেতাদের ছবি ও দলীয় পরিচয় ব্যবহার করে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। অন্যদিকে, নতুন প্রার্থীদের একটি অংশ দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত ভাবমূর্তি ও স্থানীয় পর্যায়ে প্রাথমিক পরিচিতি তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের প্রচার-প্রচারণা মূলত পোস্টার ও ব্যানারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

নির্বাচনের এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও হঠাৎ করে এসব নতুন মুখের আবির্ভাব নিয়ে উপজেলার হাটবাজার ও চায়ের আড্ডায় চলছে নানা আলোচনা-সমালোচনা। ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এক প্রবীণ ভোটার আক্ষেপ করে বলেন, ‘বিপদে-আপদে কিংবা এলাকার কোনো প্রয়োজনে যাদের কখনো পাশে পাওয়া যায়নি, নির্বাচন এলেই তারা উন্নয়নের ফুলঝুড়ি নিয়ে হাজির হন। পোস্টারে বড় বড় প্রতিশ্রুতি থাকলেও সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকেই বেছে নেবেন।’

অন্যদিকে, তরুণ সমাজের একটি অংশ মনে করেন, রাজনীতিতে নতুন ও শিক্ষিত মুখের আগমন ইতিবাচক হতে পারে। তবে তাদের রাজনীতিতে আসার পেছনে প্রকৃত জনসেবার মানসিকতা থাকতে হবে; কেবল নির্বাচনী মৌসুমের অতিথি হলে চলবে না।

সব মিলিয়ে পুরোনো ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রার্থীদের সরব উপস্থিতিতে বাকেরগঞ্জের স্থানীয় রাজনীতির মাঠ এখন বেশ উত্তপ্ত। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন এবং সাধারণ ভোটারদের রায়ে কারা প্রার্থী হিসেবে টিকে থাকবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন উপজেলাবাসী।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...