বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর এলাকার বাসিন্দারা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ওই এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনসহ পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেন। সেখানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে আন্দোলনকারীদের দাবি, গতকাল রাতে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। এতে নারী, শিশু, অসুস্থ রোগীসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
পরে প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা শেষে দুপুর দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...