বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সকালে জাহাজটি প্রণালিটি অতিক্রম করার সময় এই হামলার মুখোমুখি হয়।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম (WAM) জানিয়েছে, হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজে থাকা নাবিকদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর মাত্র এক দিন আগেই আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে সৃষ্ট চরম অস্থিরতা ও চলাচল ব্যাহত হওয়ার কারণে তাদের তেল রপ্তানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর পরপরই কোম্পানিটির নিজস্ব জাহাজে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে একটি জলসীমা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওমানের সঙ্গে আলোচনা বেশ অগ্রগতি লাভ করেছে। তবে চুক্তির বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।
এর আগে গত বৃহস্পতিবার ইসমাইল বাঘাই মন্তব্য করেছিলেন, ওমানের সঙ্গে কোনো চুক্তি হলেও এই কৌশলগত নৌপথে নিরাপদ চলাচলের পূর্ণ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কারণ ইরানের বিভিন্ন সমুদ্রবন্দরের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনও বিঘ্নিত হচ্ছে। যদিও এই প্রস্তাব বা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ওমান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালি প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘ দিন ধরে প্রণালিটি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা ও দরপতন-উচ্ছাস দেখা দিয়েছে।
সংকট সমাধানে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঁশিয়ারি বার্তায় জানান, হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত না করা হলে ইরানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকে প্রণালিটি পুনরায় চালু করার বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতে তেমন কোনো পরিকল্পনাও তাদের নেই।
সূত্র: আল-আরাবিয়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...