বিজ্ঞাপন
হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল শেখ, শোকাবহ কোটালীপাড়া
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পুলিশি নিরাপত্তায় রাত ১১টায় কোটালীপাড়া পৌর ভবনের মাঠে আয়োজিত জানাজাস্থলে তাঁকে নিয়ে আসা হয়। জানাজার আনুষ্ঠানিকতা শেষে রাতেই তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে পৌর এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন কামাল হোসেন শেখের বাবা, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭)। বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
বাবার মৃত্যুর পর জানাজা ও শেষকৃত্যে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখের প্যারোলে মুক্তির আবেদন করা হলে কারা কর্তৃপক্ষ তাঁকে ৮ ঘণ্টার সাময়িক মুক্তি দেয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে কোটালীপাড়ায় পৌঁছানোর পর প্রিয় বাবার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই মেয়র। এ সময় তাঁর আকুল কান্না দেখে স্বজন ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঢাকা ও গোপালগঞ্জের একাধিক মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন সাবেক মেয়র কামাল হোসেন শেখ। বাবার প্রয়াণে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ৮ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি কোটালীপাড়ায় এসে বাবার জানাজায় শরিক হওয়ার পর নির্ধারিত সময় শেষে পুনরায় তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গত শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে। পরবর্তীতে পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পঞ্চপল্লী কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজা ও শেষ শ্রদ্ধার আনুষ্ঠানিকতায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের হাজারও মানুষ উপস্থিত ছিলেন। সর্বস্তরের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...