Logo Logo

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


Splash Image

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়িতে পৌঁছান।


বিজ্ঞাপন


এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এসব প্রকল্পের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হবেন।

মহেশখালীর কর্মসূচি শেষে হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে হেলিকপ্টার অবতরণের পর আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...