Logo Logo

নীলফামারীতে গুড নেইবারসের দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

তৃণমূল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা ও চর্চাকে উৎসাহিত করতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিডিপি) আয়োজনে স্থানীয় তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে এলাকার ৬টি পার্টনার বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের বিজ্ঞানভিত্তিক মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখে।


বিজ্ঞাপন


মেলায় বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন প্রদর্শনী, দেয়াল পত্রিকা প্রকাশনা, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা ইভেন্টের আয়োজন করা হয়। বিষয়ভিত্তিক ইভেন্টে অংশগ্রহণকারী ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধানের বিজ্ঞানসম্মত নানা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে উপস্থিত শিক্ষক ও অতিথিদের নজর কাড়ে। একই সঙ্গে ৪টি বিদ্যালয়ের বিতার্কিকদের নিয়ে সমসাময়িক বিজ্ঞান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা পরিচালিত হয়। তরুণ শিক্ষার্থীদের এসব বিজ্ঞান চর্চা গ্রামীণ পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবক ও শিক্ষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. টি. এম. নূরুল আমিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বরুবিড়ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অংশগ্রহণকারী সহযোগী বিদ্যালয়গুলোর সম্মানিত শিক্ষকবৃন্দ। এ ছাড়া গুড নেইবারস বাংলাদেশের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী পুরো আয়োজনে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী তুমুল প্রতিযোগিতা শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারকদের সার্বিক মূল্যায়নে সেরা পারফরম্যান্স অর্জনকারী বিজয়ী দল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রয়াসের ভূয়সী প্রশংসা করে বলেন, "স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞান চর্চায় যুক্ত করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রতিযোগিতা তাদের অনুসন্ধিৎসু মন তৈরি করতে বড় ভূমিকা রাখবে।" সমাপনী পর্বে গ্রামীণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এমন শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরি করায় আয়োজক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...