Logo Logo

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের ছোবলে শিশু ও যুবকের মৃত্যু


Splash Image

বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধির মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক দুটি ঘটনায় সাপের ছোবলে এক শিশু ও এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা আক্তার (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিনে দুজনের এমন মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোক ও সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় রায় স্থানীয় একটি হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে যান। সেখানে তিনি উপস্থিত দর্শকদের সামনে বিষধর সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন। খেলা দেখানোর একপর্যায়ে হঠাৎ সাপটি তার হাতে ছোবল দেয়। বাড়িতে ফিরে তীব্র যন্ত্রণা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

অন্যদিকে, একই উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লুনা বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে মা-বাবার পাশেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে বিছানায় বিষধর সাপ তার ডান হাতে দংশন করলে তীব্র ব্যথায় তার ঘুম ভেঙে যায় ও চিৎকার শুরু করে। স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, সাপের ছোবলে শিশু ও যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। দুটি মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...