Logo Logo

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গিমাডাঙ্গা আজিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—মো. মোরসালিন (১৭), পিতা মৃত মোহাম্মদ সলিমুল্লাহ শেখ; মোহাম্মদ রাকিব মোল্লা (২০), পিতা মান্নান মোল্লা; তামিম শেখ (১৫), পিতা হানিফ শেখ; আবির শেখ (১৮), পিতা আবুল হাসান শেখ এবং মো. রইছ মোল্লা (১৮), পিতা মো. ফয়জুর আলী মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গিমাডাঙ্গা মুন্সির চর ও উত্তরপাড়ার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে আজিমবাজার এলাকায় দুই পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের অন্তত ৫০ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। হামলায় নেতৃত্বদানকারী হিসেবে মশিউর, নাহিদ, ইয়ামিন হোসেন (পাম্পু) ও রহিমসহ কয়েকজনের নাম উল্লেখ করেছে ভুক্তভোগী পক্ষ। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, অভিযুক্ত ইয়ামিন হোসেন পাম্পু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, ১৪ আগস্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববর্তী একটি অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। তিনি গজালিয়া ব্রিজের ওপর একজনকে চড় মারলে পরবর্তীতে স্থানীয় জ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি ক্ষমা প্রার্থনার মাধ্যমে সমাধান করা হয়েছিল। তাঁর দাবি, শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন আজিমবাজারে এসে তাঁর ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে তিনি এক ব্যক্তিকে আঘাত করেন। সেখানে কোনো সংঘবদ্ধ হামলা বা বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আজিমবাজারের মারামারির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...