Logo Logo

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী


Splash Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।


বিজ্ঞাপন


তিনি বলেন, আজ যে মাছের পোনা অবমুক্ত করা হলো, সেগুলো বড় হয়ে ডিম পাড়বে এবং বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়বে। এতে উপকার হবে বাংলাদেশের মানুষেরই। লন্ডন বা জাপানের মানুষের নয়, এই কার্যক্রমের সুফল দেশের মানুষই ভোগ করবে।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা। বিগত নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে বিজয়ী করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই পরিচালিত, যার বাস্তবায়নে দেশের মানুষ ও গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে খাল খননের কর্মসূচি শুরুর কথা বলা হয়েছিল। সরকার গঠনের পর আল্লাহর রহমতে সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে। এতে কৃষকরা উপকৃত হচ্ছেন এবং খালের আশপাশের এলাকার মানুষও পানির সুবিধা পাচ্ছেন।

তবে শুধু খাল খনন করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, খালের পানি যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষিতে সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি এসব জলাশয়কে মাছের উৎপাদন বাড়ানোর কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আজ ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে একদিকে কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে মাছ আহরণের মাধ্যমে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণেও সহায়তা হবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের অগ্রগতি সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সময় নারীদের শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাদের অংশীদার করতে হবে। নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত বিপুলসংখ্যক মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানান। মাছের পোনা অবমুক্তকরণকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...