Logo Logo

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি


Splash Image

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি। বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের 'ইউজেড-২২২' একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দূতাবাস সূত্র জানায়, ইউরোপ যাওয়ার প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে অভিযানের সময় তাদের আটক বা উদ্ধার করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর বন্দিজীবন কাটাতে হয় তাদের।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক সকল বাংলাদেশিদের নিরাপদে উদ্ধার করে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় রক্ষা করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহায়তায় এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানায়, বর্তমানে বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অন্য বাংলাদেশিদেরও পরিচয় যাচাই, সাক্ষাৎকার গ্রহণ এবং প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। পর্যায়ক্রমে অবশিষ্ট সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট একই প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়া থেকে ৩৪০ জন বাংলাদেশি দেশে ফেরেন। নতুন ১৭৪ জনসহ কেবল চলতি আগস্ট মাসেই মোট ৫১৪ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে সবাইকে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান বা স্থানান্তরের ক্ষেত্রে সরকারি অনুমোদিত ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করার জোর তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...