বিজ্ঞাপন
এ ঘটনায় রাজা ফকির (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কচুয়া বাজারের চা-দোকানি সমির চন্দ্র চক্রবর্তী (৫৫) এবং তার দুই ছেলে শুভ চক্রবর্তী (২২) ও লিখন চক্রবর্তী (১৮)। তাদের উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সমির চন্দ্র চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সমির চন্দ্র চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চায়ের ব্যবসা করে আসছেন। শুক্রবার দুপুরে একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির তার দোকানে চা খেতে আসেন। চা পান শেষে রাজা সিগারেট দিতে বলেন। দোকানে সিগারেট না থাকায় সমির অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজা ফকির চা-দোকানি সমির চন্দ্র চক্রবর্তীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে সমির দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে বিষয়টি তার দুই ছেলে শুভ ও লিখনকে জানান। এরপর তারা বাবাকে মারধরের বিষয়ে জানতে রাজা ফকিরের কাছে যান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে রাজা ফকির ধারালো চাকু দিয়ে সমির চন্দ্র চক্রবর্তী ও তার দুই ছেলে শুভ ও লিখনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমির চন্দ্র চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর রাজা ফকিরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, পিতা ও দুই ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় রাজা ফকির নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...