Logo Logo

সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘন্টা শিশুর লাশ উদ্ধার


Splash Image

ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে সিদরাতুল মুনতাহা আয়াত নামে তিন বছরের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃত্যুকে ঘিরে তার বাবা ও মায়ের পরিবারের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সোনাগাজী উপজেলার মধ্যম চরচান্দিয়া গ্রামের মোজাফফর বাড়িতে এ নিখোঁজের ঘটনা ঘটে। পরবর্তী দিন শুক্রবার (২১ আগস্ট) ভোরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত আয়াত ওই বাড়ির সৌদিপ্রবাসী শেখ সাহাব সজীব ও জান্নাতুল ফেরদৌস মনি দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সাহাব সজীব ও জান্নাতুল ফেরদৌস মনি সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। বিয়ের মাত্র এক বছরের মাথায় প্রায় চার বছর আগে সজীব জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সজীব বিদেশে যাওয়ার কিছুদিন পরই শ্বশুরবাড়ির লোকজন মনি ও তার শিশু কন্যাকে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে মনি তার শিশুকন্যাকে নিয়ে পিতার আশ্রয়ে বসবাস করে আসছিলেন। আগামী মাসে সজীবের দেশে ফেরার কথা রয়েছে।

নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস মনির অভিযোগ, তার শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদ চান না যে সজীবের সঙ্গে তার সংসার টিকুক। বিয়ে বিচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিছুদিন আগে শিশুটিকে স্বজনরা এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। পরে স্থানীয় সাবেক চেয়ারম্যানের মধ্যস্থতায় মনি তার সন্তানকে ফেরত পান। তার দাবি, শিশুটি বেঁচে থাকলে হয়তো তাদের দাম্পত্য সম্পর্ক থেকে যাবে—এমন ভাবনায় শিশুটিকে পথ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

ঘটনার দিন ২০ আগস্ট দুপুর ১২টার দিকে মনি তার শিশু কন্যা আয়াতকে দাদির কাছে রেখে বাবার ঘরে গৃহস্থালির কাজ করছিলেন। দুপুর ১টার দিকে দাদি নামাজে গেলে শিশুটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে দুপুর দেড়টার দিকে শিশুর দাদা শেখ মুজিব সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। শিশুটির সন্ধান না পেয়ে ওই রাতেই শিশুর মা মনি বাদী হয়ে দাদা সহ পরিবারের তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ২১ আগস্ট ভোর পাঁচটার দিকে শিশুর ফুফু রুমি আক্তার বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে আয়াতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার বিকেলে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জেনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...