বিজ্ঞাপন
রোববার (২৩ আগস্ট) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি দক্ষিণপাড়া এলাকার রেজাউল মুন্সীর বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে খুলনার র্যাব-৬ ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনার লবণচরা এলাকার নজরুল মোল্লার ছেলে মো. ফারুক (২১) এবং আবু হোসেন বাবুর ছেলে মাসুদুল ইসলাম কদর (১৮)।
বিষয়টি নিশ্চিত করে খুলনার র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে মঞ্জুরুল ইসলাম (২৩) ও নাজমুল (১৮) নামের দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। জোড়া হত্যাকাণ্ডের পর লবনচরা থানায় মামলা দায়ের করা হলে র্যাব ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়ার বর্ণি দক্ষিণপাড়া এলাকা থেকে এজাহারনামীয় আসামি ফারুক ও কদরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্পর্কে ফারুকের ফুফা রেজাউল মুন্সীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে এসে আত্মগোপন করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট সন্ধ্যায় খুলনার লবণচরা থানার হরিণটানা আশীবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হন। এরপর একই দিন রাত পৌনে ১০টার দিকে নাজমুল (১৯) নামের অপর যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা দায়ের হয়।
এর আগে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ জেলার মাঝিগাতী বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...