বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলাকে মাদকমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাপিতের হাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। নাপিতের হাটের পশ্চিম পাশে মতি হোসেন গাজীর বসতঘরে উপজেলা প্রশাসনের বিশেষ দল তল্লাশি চালায়। অভিযানে মতি হোসেন গাজীর ছেলে বাদশা গাজীর হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা গ্রহণের বিভিন্ন সরঞ্জাম এবং একাধিক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মাদক ও অবৈধ অস্ত্র রাখার বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বাদশা গাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবককে আইনি প্রক্রিয়া শেষে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একই সঙ্গে তার কাছ থেকে জব্দকৃত ইয়াবা সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযান শেষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি সাংবাদিকদের জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদক সেবন, মজুত কিংবা কেনাবেচার সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...