বিজ্ঞাপন
গতকাল ২৮ আগস্ট (শুক্রবার) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। তাঁর এই কাজের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। পরবর্তীতে দেশের একাধিক শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে হাটবাজার উন্নয়নকাজ পরিদর্শনে যান ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনকালে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে তিনি নিজেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন এবং নিজ হাতে ময়লা পরিষ্কার করেন। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাকে স্বশরীরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয় লোকজনের মাঝেও ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। পরিদর্শনের পাশাপাশি হাটের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তিনি তাৎক্ষণিকভাবে ১০টি ডাস্টবিন প্রদান করেন।
নিজের এই উদ্যোগ প্রসঙ্গে ইউএনও মিলটন চন্দ্র পাল জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঘোষিত অন্যতম সামাজিক আন্দোলন হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। এই কর্মসূটিকে সফল রূপ দিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক।
বাকেরগঞ্জবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা নিজ নিজ বসতবাড়ির আঙিনা নিজেরাই পরিষ্কার রাখবেন। একই সঙ্গে হাটবাজার, সড়ক ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।"
উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ জানান, প্রশাসনিক কর্মকর্তা কেবল নির্দেশ না দিয়ে নিজে যখন দায়িত্ব নিয়ে কাজে নেমে পড়েন, তখন তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা তৈরি করে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ইউএনওর এমন উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...