বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ মোটরসাইকেলযোগে পুরানগড় এলাকার সড়ক ধরে যাচ্ছিলেন জাহেদ। আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে জননিরাপত্তা রক্ষার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই তালিকার এক নম্বর অবস্থানে ছিল জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদের নাম। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর এক অভিযানে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন জাহেদ। পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন তিনি।
পুলিশের প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগতের সাথে সম্পৃক্ত ছিলেন জাহেদ। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র কারবারের নিয়ন্ত্রণ কিংবা সন্ত্রাসী চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ এবং সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...