Logo Logo

কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দূয়ারি জাল জব্দ


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিল অঞ্চলে পরিচালিত এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫৫০ মিটার ক্ষতিকর চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।


বিজ্ঞাপন


বুধবার (২ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের যৌথ সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০টি এবং নিজামকান্দি ইউনিয়নের ফলসি বিল থেকে ৪২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে এর সাথে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মোট ৬২টি চায়না দুয়ারী জালের দৈর্ঘ্য আনুমানিক ১ হাজার ৫৫০ মিটার, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো কূলে এনে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এই ধরনের ঝটিকা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে নদী ও বিলে ছোট মাছ ও প্রজনন সুরক্ষায় চায়না দুয়ারীর ব্যবহার বন্ধে এলাকার সচেতন সমাজকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...