Logo Logo

বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে : শামা ওবায়েদ


Splash Image

বিএনপিকে দক্ষিণ এশিয়া তথা উপমহাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গত ৪৮ বছরের পথপরিক্রমায় দেশের সকল উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের সার্বিক কল্যাণের সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছর ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ দলের অসংখ্য নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার চরম শিকার হয়েছেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশ গড়তে হলে সকল প্রকার রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রে কাজ করতে হবে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু ও পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য সেলিমুজ্জামানের নেতৃত্বে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় সমাবেশস্থলে এসে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...