Logo Logo

এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি


Splash Image

যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় এবার স্থান পেয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় ব্যবস্থায় নিজের ব্যক্তিগত ছাপ রাখার প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই ১ ডলারের বিশেষ এই স্মারক মুদ্রা বাজারে আনা হয়েছে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার মার্কিন সরকারি টাকশাল ইউএস মিন্ট আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের বিশেষ মুদ্রাটি উন্মোচন করে। মুদ্রাটির এক পাশে প্রেসিডেন্টের অবয়বের পাশাপাশি ইংরেজি হরফে ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।

তবে ইউএস মিন্ট জানিয়েছে, মুদ্রাটি সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটায় ব্যবহারের জন্য ব্যাপকভাবে বাজারে ছাড়া হচ্ছে না। অবশ্য কোনো লেনদেনে এটি ব্যবহার করা হলে অন্যান্য বৈধ মার্কিন মুদ্রার মতোই এটি আইনগতভাবে বৈধ অর্থ হিসেবে গণ্য হবে।

সাধারণভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে পদে থাকা কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি মার্কিন মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের জন্য প্রণীত আইনের বিশেষ নকশা-সংক্রান্ত বিধান ব্যবহার করে এবার সেই বিধিনিষেধের ব্যতিক্রম ঘটানো হয়েছে।

সংগ্রাহকদের লক্ষ্য করে ছাড়া মুদ্রাটির ২৫টি নিয়ে একটি রোলের দাম রাখা হয়েছে ৬১ ডলার। আর ১০০টি মুদ্রার একটি ব্যাগের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রির জন্য উন্মুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্টের অফিশিয়াল ওয়েবসাইটে মুদ্রাটির স্টক শেষ হয়ে যায়। একই সময়ে ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের নিজস্ব বিক্রয়কেন্দ্রের ভেন্ডিং মেশিনগুলোর সামনেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।

বিষয়টি নিয়ে মার্কিন টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। এক বিবৃতিতে ইউএস মিন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতীয় মাইলফলক উদযাপনের উদ্দেশ্যেই এই স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে। বিরল নকশার এই মুদ্রা আধুনিক সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দৃষ্টিতে সোনালি মনে হলেও মুদ্রাটিতে কোনো খাঁটি সোনা ব্যবহার করা হয়নি। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, মুদ্রাটির ৮৮ দশমিক ৫ শতাংশ তামা। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণ।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ২৫০ ডলারের একটি নতুন ব্যাংক নোট প্রকাশের পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সে সময় বেসেন্ট বলেছিলেন, মার্কিন ইতিহাসে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের ঘটনা এবারই প্রথম নয়। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি আধা-ডলারের স্মারক মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল।

ট্রাম্প প্রশাসন নতুন মুদ্রাটির নকশার ক্ষেত্রে তাঁর প্রথম মেয়াদে পাস হওয়া ‘সার্কুলেটিং কালেক্টেবল কয়েন রিডিজাইন অ্যাক্ট ২০২০’-এর আইনি ব্যাখ্যাও সামনে এনেছে। ওই আইনে মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশের ক্ষেত্রে একই ধরনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। আর নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি রাখা হয়েছে সামনের অংশেই।

এদিকে গত মার্চে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, শিগগিরই যুক্তরাষ্ট্রের কাগজের নোটে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর মার্কিন মুদ্রায় যুক্ত করার ঘটনাও দেশটির ইতিহাসে প্রথম বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি, এপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...