বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ দূষণ রোধ, বায়ুর মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে সচেতনতা তৈরিই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।
প্রধান অতিথির বক্তব্যে সৌমেন মৈত্র বলেন, বায়ুদূষণ রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ও সক্রিয় ভূমিকা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখনই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম এবং বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা রায় ও আখি মনি। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা নিয়ে র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, নির্মল বায়ু ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সম্মিলিত উদ্যোগ জরুরি। আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবসের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...