Logo Logo

গোপালগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় তিন নারীসহ আটক ৪


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার সাভানা পার্ক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার চারজনকে পৃথকভাবে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানাধীন সাভানা পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেখানে অভিযান চালান।

অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় সুমী আক্তার (৩০), সাগর জমাদার (২৮), পাখি (২৪) ও রিমি বালা (২০) নামের চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পৃথকভাবে ৫, ৪, ৩ ও ৫টি করে মোট ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সুমী আক্তার মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি গ্রামের মৃত কাওছার শেখের মেয়ে। সাগর জমাদার একই উপজেলার তাতীকান্দী গ্রামের খোবায়েত জমাদারের ছেলে। অপর দুইজনের মধ্যে পাখি গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার এলাকার মৃত দুলু শেখের মেয়ে এবং রিমি বালা একই উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া এলাকার রঞ্জন বালার মেয়ে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন চার আসামির বিরুদ্ধে পৃথক চারটি প্রসিকিউশন দাখিল করেন। পরে গোপালগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এ. কে. এম. ফয়জুল বারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চার আসামির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...