Logo Logo

সড়ক দুর্ঘটনায় আহত হাটহাজারী সরকারি কলেজের ছাত্র মাহিনের মৃত্যু


Splash Image

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাটহাজারী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মাহিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


বিজ্ঞাপন


আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মাহিন হাটহাজারী উপজেলার ১৪ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুকিম চৌধুরী বাড়ির বাসিন্দা মাহবুবুল বশরের একমাত্র সন্তান। আদরের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর (বুধবার) পরীক্ষা দিতে যাওয়ার পথে হাটহাজারী উপজেলাধীন চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। চারজন কলেজ শিক্ষার্থীকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাহিনসহ চারজন শিক্ষার্থীই মারাত্মকভাবে আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মাহিনকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তাঁর অবস্থার ধারাবাহিক অবনতি ঘটলে উন্নত ও নিবিড় চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাবা-মায়ের আকুল প্রত্যাশা ছিল সুচিকিৎসা শেষে তাঁদের একমাত্র সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরে আসবে। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নাঙ্গলমোড়া ও এর আশপাশের পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে চলছে তীব্র শোকের মাতম। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ মাগরিবের নামাজ শেষে জানাজা প্রদানপূর্বক তাঁদের পারিবারিক কবরস্থানে মাহিনের দাফন সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...