বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
নোটিশে রেহানা আক্তার রানু রাজধানীর ১৭টি সিগন্যালে চালু থাকা ৫০টি এআইনির্ভর ট্রাফিক ক্যামেরার সুফল তুলে ধরেন। তিনি বলেন, এসব ক্যামেরা চালুর পর লাল বাতি অমান্য, লেন পরিবর্তন ও অতিরিক্ত গতিসহ বিভিন্ন ট্রাফিক অনিয়ম অনেকটাই কমেছে। তবে নম্বর প্লেট না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ম শনাক্ত হলেও জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি জানান, কম ভাড়া ও সহজলভ্যতার কারণে অটোরিকশা সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। তাই এগুলো বন্ধ না করে কাঠামোগত পরিবর্তন, নম্বর প্লেট, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণের ব্যবস্থা করে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক ও তিন চাকার বৈদ্যুতিক যান গ্রাম ও শহরের পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এর সঙ্গে চালক, গ্যারেজ শ্রমিক, যন্ত্রাংশ ব্যবসায়ী ও চার্জিং সেবাদাতাদের বড় একটি কর্মসংস্থানও তৈরি হয়েছে। তবে অনিয়ন্ত্রিত বিস্তারের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্যে গুরুতর চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
মন্ত্রী জানান, দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। অথচ বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি। শুধু ঢাকাতেই প্রায় ৪৮ হাজার অনানুষ্ঠানিক ও অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।
লেড-এসিড ব্যাটারির অনিরাপদ রিসাইক্লিং থেকে নির্গত ধোঁয়া ও সিসা বাতাস, মাটি ও পানি দূষিত করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর প্রভাবে আশপাশের পোল্ট্রি শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনায় অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা জড়িত ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে ডিএমপি নিয়মিত অভিযান ও ডাম্পিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ডিএমপি, ডেসকো ও ডিপিডিসির যৌথ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। ১৭টি সিগন্যালে ৫০টি এআই ক্যামেরা থেকে ইতিবাচক ফল পাওয়ায় তেজগাঁও ও রমনা বিভাগে আরও ২০০টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এসব ক্যামেরা পুরো রাজধানীতে সম্প্রসারণ করা হবে।
সম্পূরক প্রশ্নে রেহানা আক্তার রানু স্পষ্ট করে বলেন, তিনি অটোরিকশা নিষিদ্ধের দাবি করেননি; বরং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে আনার কথা বলেছেন। তার দাবি, প্রতিদিন ঢাকায় অন্তত ৩০০টি নতুন অটোরিকশা যুক্ত হচ্ছে এবং এসব যান প্রতিদিন প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে। তিনি জব্দ ও ডাম্পিংয়ের পরিবর্তে গলির সড়কে চলাচলের অনুমতি, সৌরবিদ্যুৎভিত্তিক চার্জিং ব্যবস্থা, বিআরটিএ নিবন্ধন এবং এলাকাভিত্তিক জোনিং চালুর প্রস্তাব দেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুনির্দিষ্ট নীতিমালা ও বিধিবিধান ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। নীতিমালায় এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে অটোরিকশার সঙ্গে যুক্ত কোনো চালকের কর্মসংস্থান ব্যাহত না হয়।
নতুন ব্যবস্থায় ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে প্রতিটি অটোরিকশায় কিউআর কোড ও ট্র্যাকিং সিস্টেম থাকবে। এর ফলে একটি নিবন্ধন নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক রিকশা পরিচালনার সুযোগ থাকবে না। একই সঙ্গে লেড-এসিড ব্যাটারি বাদ দিয়ে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, সড়ক নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে এই নীতিমালার পূর্ণ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও সিটি করপোরেশনের অসাধু কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে সততার সঙ্গে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...