বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, বর্ণাঢ্য র্যালি, গল্পের বই ও ফলজ গাছের চারা বিতরণ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। সহকারী শিক্ষা কর্মকর্তা নুসরাত মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা অফিসের শিশুদের জন্য কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী দেওয়ান ইসতেআখ উল আলম এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, সাক্ষরতাকে শুধু পড়তে, লিখতে ও গণনা করতে পারার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান নিশ্চিত করার অন্যতম হাতিয়ার হিসেবে সাক্ষরতাকে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যেই সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। সরকারের লক্ষ্য ২০৩১ সালের মধ্যে দেশের সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার (শাহীন) ছাড়াও বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গল্পের বই ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরির পাশাপাশি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...