Logo Logo

ভারতে অবৈধ অনুপ্রবেশের আভিযোগে আটক ৪৭ বাংলাদেশি নাগরিক দেশে ফেরত।


Splash Image

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।


বিজ্ঞাপন


পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় এ হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা তামিলনাড়ুর আত্তুর-সালেম ও তিরুচিরাপল্লির (ট্রিচি) স্পেশাল ক্যাম্পে দীর্ঘদিন আটক ছিলেন। জাতীয়তা যাচাই শেষে চেন্নাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে তাঁদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক স্বাক্ষরিত জরুরি চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করার পর তাঁদের ট্রেনে বেনাপোল সীমান্তে এনে হস্তান্তর নিশ্চিত করা হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন এই নাগরিকেরা। সেখানে পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে কারাভোগ করেন। পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপে তাঁদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিদের জিম্মায় তাঁদের দেওয়া হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম নিশ্চিত করেন, পরিবারের সদস্যরা আসা পর্যন্ত তাঁরা শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

ফেরত আসা ব্যক্তিরা নড়াইল, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, বরগুনা, গাইবান্ধা, নেত্রকোনা, মানিকগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, মাগুরা, মাদারীপুর ও চাঁদপুর জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...