Logo Logo

মনোহরদীতে বসতবাড়িতে চুরি, প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার লুট


Splash Image

নরসিংদীর মনোহরদীতে জানালার গ্রিল কেটে এক বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের পর ঘরের বিছানার তোষকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া বিলপাড় এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল বাতেন খুদুরীর ছোট ছেলে মুফতি নূরুল্লাহর ঘরের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। ওই রাতে কক্ষটিতে পরিবারের কেউ না থাকার সুযোগ নেয় তারা। ভেতরে প্রবেশ করে চোরের দল আলমারি ও অন্যান্য আসবাবপত্রের তালা ভেঙে তছনছ করে। এ সময় আলমারিতে সংরক্ষিত প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার ও দামি জিনিসপত্র হাতিয়ে নেয় তারা।

লুটপাট শেষ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা; চুরির আলামত নষ্ট করা কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে তারা ঘরের দুটি কক্ষের খাটের তোষকে আগুন ধরিয়ে দেয়। শেষ রাতের দিকে পাশের ঘরে থাকা মাওলানা আব্দুল বাতেন খুদুরী আগুনের পোড়া গন্ধ ও ধোঁয়া পেয়ে দ্রুত এগিয়ে আসেন। তাঁর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নেভানো সম্ভব হওয়ায় পুরো বাড়িটি বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

এ ঘটনার পর থেকে নয়াপাড়া বিলপাড় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কেবল চুরি নয়, ঘরের ভেতর অগ্নিসংযোগের ঘটনাটি কোনো গভীর শত্রুতা বা পরিকল্পিত নাশকতার ইঙ্গিত দিচ্ছে। সাধারণ চুরির ঘটনায় এমন নৃশংসতার নজির এলাকায় সচরাচর দেখা যায় না।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি নিয়ে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...