বিজ্ঞাপন
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশ-বিদেশে থাকা সম্পদ, জমি ক্রয় ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রীর সম্পদের তথ্যও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর নামে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্র রয়েছে।
এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনসংক্রান্ত দলিল ও রেকর্ডপত্রও চেয়েছে দুদক।
চিঠিতে আরও বলা হয়েছে, বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই পাঁচ দেশে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, সে বিষয়ে সংগৃহীত তথ্যও দুদকের কাছে দিতে হবে।
তাদের বিরুদ্ধে দেশ-বিদেশে সম্পদ অর্জন, জমি ক্রয়, অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল দুদক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...