বিজ্ঞাপন
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী 'ইউনাইটেড পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে চলে যায়। বাসটি প্রথমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা গাড়িকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এরপর সামনে থাকা একটি যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দিয়ে মহাসড়কের পাশে অবস্থিত প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা খেয়ে কাত হয়ে উল্টে যায়। এতে মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই পুরুষ যাত্রী নিহত হন।
দুর্ঘটনার সময় বাসে থাকা এক যাত্রী জানান, বাসের চালক হঠাৎ অসুস্থ বা অচেতন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই বিপত্তি ঘটে, যা চালকের সহযোগীও সামাল দিতে পারেননি।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ত্রিশাল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করা হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, "কাজীর শিমলা নজরুল উচ্চবিদ্যালয়ের বিপরীতে মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রা ও চলন্ত সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় দুইজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের থানা-পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অন্য যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় ত্রিশাল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
বর্তমানে উক্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘাতক চালককে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...