বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি সুনামগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে সন্তানের সামনে এক পিতাকে অতর্কিত হামলার শিকার হতে হয়। এ সময় বখাটে চক্রের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে গেলে ওই পিতার ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে চড়াও হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। একপর্যায়ে তাকে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে তারা বীরদর্পে এলাকা ত্যাগ করে। ব্যস্ত শহরে সন্তানের সামনে এমন নির্মম হামলার ঘটনাটি স্থানীয় জনমনে গভীর ক্ষোভ ও তীব্র উদ্বেগের সৃষ্টি করে।
হামলার ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে শ্রাবণকে প্রধান আসামি করা হলে সে গ্রেপ্তারের ভয়ে দ্রুত আত্মগোপনে চলে যায়।
মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে তৎপর হয় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। একপর্যায়ে গোপন সূত্রে ও প্রযুক্তির সহায়তায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ, পিপিএম জানতে পারেন, মূল আসামি শ্রাবণ দিরাই উপজেলার প্রত্যন্ত হাওর এলাকায় লুকিয়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে এসআই ইকবাল ও এএসআই পলাশের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল দিরাই থানা পুলিশের যৌথ সহায়তায় ভাটিপাড়া ইউনিয়নের দুর্গম ভাটিপাড়া দাসহাটি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।
প্রায় আধা ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রাবণকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে রাতেই কড়া পুলিশি পাহারায় পৌনে ২টার দিকে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত শ্রাবণের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। একই সাথে পৌর শহরে কিশোর গ্যাং চক্রের অপতৎপরতার পেছনে অন্য কোনো পৃষ্ঠপোষক বা গ্যাংয়ের বাকি সদস্যরা জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, আলোচিত এ ঘটনার মূল হোতা গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ নাগরিক ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে সুনামগঞ্জ পৌর শহরকে কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধমুক্ত রাখতে নিয়মিত পুলিশি টহল ও চিরুনি অভিযান অব্যাহত রাখার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ, পিপিএম বলেন, "অপরাধী যত শক্তিশালীই হোক বা যেখানেই লুকিয়ে থাকুক, কোনো ছাড় দেওয়া হবে না। আলোচিত এ মামলার মূল আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি জড়িতদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...