Logo Logo

জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তাঁর পরিবারকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। ভয়ভীতি ও শিশু সন্তানকে অপহরণের হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।


বিজ্ঞাপন


উপজেলার হাতিয়াড়া গ্রামে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত আসামির নাম বাবলু বিশ্বাস, যিনি ওই গ্রামের হারান বিশ্বাসের ছেলে।

এই ঘটনায় প্রধান আসামি বাবলু বিশ্বাসসহ তাঁর সহযোগী সোহেল শেখ, অংশু বিশ্বাস ও সুধাংশ বিশ্বাসের নাম উল্লেখ করে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলার বাদী।

মামলা ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে জোরপূর্বক ধর্ষণ করেন একই প্রতিষ্ঠানের দফতরী বাবলু বিশ্বাস। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত অভিযুক্ত বাবলু বিশ্বাসের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের অভিযোগ, সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসেন বাবলু বিশ্বাস। কারামুক্তির পর থেকেই তিনি নিজে এবং সহযোগীদের মাধ্যমে মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে নানাভাবে হুমকি দিতে শুরু করেন। মামলা প্রত্যাহার না করলে পরিবারের বড় ধরনের ক্ষতি করা এবং বাদীর ৫ বছর বয়সী শিশু সন্তানকে অপহরণের ভয় দেখানো হচ্ছে। এমন অবস্থায় ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। মামলার বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবে প্রভাবিত না হয় এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

মামলার বাদী ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন, “আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের ন্যায়বিচার পাওয়ার আশায় আমি আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু আসামি জামিনে বের হয়ে এসে আমাদের মামলা তুলে নিতে চাপ দিচ্ছে, আমার ছোট ছেলেকে অপহরণের হুমকি দিচ্ছে। আমরা প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা চাই।”

এ বিষয়ে যোগাযোগের জন্য অভিযুক্ত বাবলু বিশ্বাসের মুঠোফোনে চেষ্টা করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর সহযোগী হিসেবে অভিযোগে নাম আসা সোহেল শেখ হুমকির বিষয়টি অস্বীকার করে জানান, “আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...