Logo Logo

দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল : এসএম জিলানী


Splash Image

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার জন্য দীর্ঘ ১৭ বছর দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।


বিজ্ঞাপন


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসএম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর বাঙালি জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। কারণ একটি জাতিকে মেধাশূন্য করে দেওয়া গেলে একটি রাষ্ট্র তাদের ওপর মোড়লগিরি করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়ে উন্নত জাতিতে পরিণত হলে অনেকেই তাদের মোড়লগিরি মেনে নেবে না।

তিনি আরও বলেন, আগে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হতো—শিক্ষার্থীরা খাতায় লিখুক বা না লিখুক, তাকে পাস করিয়ে দিতে হবে। এর ফলে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত না। তবে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই ধারা থেকে বের হয়ে আসছে বলে দাবি করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ প্রসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এমপি জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশে যেসব বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হয়েছে, সেগুলোর অধিকাংশই গ্যাসভিত্তিক। আমদানি করা গ্যাস দিয়েই এসব বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করতে হয়। অথচ দেশের অভ্যন্তরে থাকা গ্যাস উত্তোলনের জন্য ন্যূনতম কোনো পরীক্ষা বা সমীক্ষা করা হয়নি। গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্থায়ী কোনো উদ্যোগও নেওয়া হয়নি। শুধুমাত্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য এসব করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জনগণের উদ্দেশে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি করা কোনো সমস্যা নয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইতোমধ্যে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশের এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে টুঙ্গিপাড়া উপজেলায় প্রাথমিক, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক কুলোদানন্দ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম এবং বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...