বিজ্ঞাপন
২০১৩ সালের ২৭ অক্টোবর জাতীয় সংসদে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর থেকেই সামুদ্রিক খাতের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরি এবং মেরিটাইমভিত্তিক বিশেষায়িত শিক্ষা ও গবেষণাকে ত্বরান্বিত করা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার, অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল, মেরিন ফিশারিজ এবং পোর্ট ও শিপিং ম্যানেজমেন্টসহ সমুদ্রকেন্দ্রিক বিভিন্ন যুগোপযোগী বিষয়ে উচ্চশিক্ষার পথ উন্মুক্ত রয়েছে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীর তীরবর্তী হামিদচর এলাকায় প্রায় ১০৬ দশমিক ৬৬ একর সুবিশাল জমি নিয়ে গড়ে উঠছে এই বিশ্ববিদ্যালয়ের চোখধাঁধানো আধুনিক স্থায়ী ক্যাম্পাস। বিশ্বমানের শিক্ষা অবকাঠামো সংবলিত নতুন এই ক্যাম্পাস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ বহুগুণ বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে অর্জিত বিশাল সমুদ্রসীমা এবং সামুদ্রিক সম্পদের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বেগবান করতে দক্ষ জনবলের বিকল্প নেই। সেই তাগিদ থেকেই শিপিং, জাহাজ নির্মাণশিল্প, সামুদ্রিক মৎস্য সম্পদ, অফশোর এনার্জি ও অত্যাধুনিক মেৰিন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সময়োপযোগী জনবল তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেশনের ভর্তি এবং শিক্ষা সংক্রান্ত সকল সর্বশেষ তথ্যের জন্য আগ্রহী ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট (www.bmu.edu.bd) নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...