Logo Logo

বাকেরগঞ্জে এখন ইউপি নির্বাচনের হাওয়া, মাঠে সম্ভাব্য প্রার্থীরা


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন এখন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগাম হাওয়ায় সরগরম। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী হিসাব-নিকাশ।


বিজ্ঞাপন


সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ অবস্থান সুসংহত করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মনোযোগ আকর্ষণ ও জনসমর্থন বাড়াতে চলছে সভা-সমাবেশ, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা। পাশাপাশি হাটবাজারে জনসংযোগ, চায়ের আড্ডা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তির উপস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নতুন নেতৃত্ব। কে হচ্ছেন নিজ নিজ ইউনিয়নের পরবর্তী অভিভাবক—এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

তবে এবার আগের চেয়ে হিসাব-নিকাশ করেই ভোট দেওয়ার কথা ভাবছেন সাধারণ ভোটাররা। তাঁদের মতে, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুখে-দুঃখে যাঁকে পাশে পাওয়া যাবে, তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান তাঁরা। উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিও প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে বলে মনে করছেন ভোটারদের অনেকে।

অন্যদিকে ভোটারদের একটি অংশের ধারণা, সরকারি দলের সমর্থন পাওয়া প্রার্থীরাই ইউনিয়ন পরিষদের নেতৃত্বে আসার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। ফলে সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি রাজনৈতিক সমর্থনও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে আলোচনা চলছে।

সব মিলিয়ে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাকেরগঞ্জের ১১টি ইউনিয়নে নির্বাচনী তৎপরতা লক্ষ করা যাচ্ছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে আগাম প্রস্তুতি এবং নানা সমীকরণ থেকে ধারণা করা হচ্ছে, এবারের ইউপি নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...