বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রটিতে পৌঁছালে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসের শিশুরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেয়। এর আগে মন্ত্রী এলাকার সরকারি শিশু পরিবার ও সেইফ হোমের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন কর্মসূচির শুরুতে মন্ত্রী কেন্দ্রের আঙিনায় একটি পেয়ারার চারা রোপণ করে পরিবেশ সুরক্ষার বার্তা দেন। এরপর কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের নিজস্ব মেধা ও সৃজনশীলতায় তৈরি দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন তিনি। পরবর্তীতে কেন্দ্রের অডিটোরিয়ামে এক বিশেষ মতবিনিময় সভা ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রটির উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সুচারু সঞ্চালনায় সভায় একটি তথ্যবহুল স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রমের চিত্র মন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পুনর্বাসন কেন্দ্রের শিশুদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা দেখে মন্ত্রীসহ উপস্থিত সকলে ভূয়সী প্রশংসা করেন। এ সময় শিশুরা নিজেদের হাতে নিপুণ দক্ষতায় তৈরি একটি পুঁতির তাজমহল শোপিস উপহার হিসেবে মন্ত্রীর হাতে তুলে দেয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রের সামগ্রিক পরিবেশ, পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, মন্ত্রীর এই সশরীরে পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে আগামী দিনে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম। এ ছাড়াও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ আবদুল্লাহ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ ফারজানা খানমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই কেন্দ্রে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়, অন্ন, বস্ত্র, চিকিৎসা, সাধারণ ও নৈতিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...