Logo Logo

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে


Splash Image

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বিজ্ঞাপন


শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এর আগে দুপুর সোয়া দুইটার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নিহত তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান, যার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

এর পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রস্তুতকালে নিহতের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন যে নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের সরাসরি সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং আসামি জামিনে মুক্ত হয়ে যাতে তদন্ত কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।

যেসব কারণে রিমান্ড চাওয়া হয়:

১। হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও সুনির্দিষ্ট মোটিভ উদ্ঘাটন করা।

২। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনা।

৩। হত্যাকাণ্ডে ব্যবহৃত এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা।

৪। নিহত সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধার করা।

৫। হত্যাকাণ্ডের মূল ঘটনাস্থল বা এটি কোথায় সংঘটিত হয়েছিল তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা।

আদালতে শুনানিকালে আসামিকে এজলাসে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক কর্মকর্তা তাহসিফ। এর পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দীপকে গ্রেপ্তার দেখায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...