Logo Logo

শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


Splash Image

বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় বিজিবি সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


সোমবার (২ নভেম্বর) সকালে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া।

তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন এবং ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক ও শিল্প কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্স, কারখানার গুদাম এবং একটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের সদস্যসহ একাধিক ব্যক্তি আহত হন। পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন। এসব বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। টানা আন্দোলনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গাজীপুরের প্রায় ১০০টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...