Logo Logo

স্বাভাবিক জীবনে ফিরছেন তিন জেলার ৬৫ জন চরমপন্থি


Splash Image

দীর্ঘদিনের সশস্ত্র তৎপরতা ও অনিয়মিত জীবনের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য।


বিজ্ঞাপন


রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সংলগ্ন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি ১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া জানান, তিন জেলার ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আত্মসমর্পণকারী এই সদস্যদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ। এছাড়া স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, একসময় সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে চরমপন্থীদের সশস্ত্র দৌরাত্ম্য ও অপতৎপরতায় জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করত। হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল নিত্যদিনের ঘটনা। বিশেষ করে আশির ও নব্বইয়ের দশকে এসব নিষিদ্ধ সংগঠনের প্রভাব ভয়াবহ রূপ ধারণ করে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও ইতিবাচক পদক্ষেপের ফলে পর্যায়ক্রমে পরিস্থিতির পরিবর্তন ঘটে। এর আগে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে শতাধিক চরমপন্থী অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। এরপর ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে ৭টি জেলার মোট ৩২৩ জন চরমপন্থী সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিলেন।

সেই ধারাবাহিকতায় এবার আরও ৬৫ জন সদস্যের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসায় সংশ্লিষ্ট অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জননিরাপত্তা জোরদারে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য সংগ্রহে সহায়তা করেছেন তাড়াশ প্রতিনিধি মো. ফরহাদ হোসেন)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...