বিজ্ঞাপন
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
এক্সবার্তায় কর্নেল আল-নুজাইলি জানান, নির্দিষ্ট ওই সময়ের মধ্যে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১৯টি বিমান হামলা, ২৯টি ড্রোন হামলা এবং হুথিদের অবস্থান, রি-ইনফোর্সমেন্ট ইউনিট ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ৯৪৪টি আর্টিলারি ও রকেট হামলা চালানো হয়েছে।
রোববারের বার্তায় আল-জওফ প্রদেশ এবং দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সেনাবাহিনীর অগ্রগতির কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে কোনো এলাকা দখলের তথ্য জানানো হয়নি। তবে হুথিদের প্রধান দুই ঘাঁটি মারিব ও তাইজ অঞ্চলে তুমুল লড়াই অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সেনাবাহিনীর এই বড় ধরনের অভিযানের বিপরীতে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে ইয়েমেনে এই ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযান পরিচালনা করে আসছে সেনাবাহিনী।
এদিকে তীব্র লড়াইয়ের মধ্যে হুথিদের হামলায় সেনাবাহিনীর ৯ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এক্সে প্রকাশিত বার্তায় কর্নেল আল-নুজাইলি জানান, নিহতদের মধ্যে দুজন ফিল্ড কমান্ডারও রয়েছেন। মারিবে তাদের শেষকৃত্য সম্পন্ন হলেও তারা ঠিক কখন বা কোথায় প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অপর এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী মারিব ও লাহজে হুথিদের অবস্থান ও যানবাহনে হামলার দাবি করলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
অন্যদিকে, রোববার সৌদি-ইয়েমেন সামরিক জোট জানিয়েছে, তাদের সেনারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুথিদের একটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলা প্রতিহতের সময় ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে আরামকোর একটি প্রশাসনিক ভবনের সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যকার তীব্র সংঘাতে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষ হতাহত হয়েছেন। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের অন্যান্য অঞ্চল দখল করে নেওয়ার পর থেকেই দীর্ঘ সংঘাতে জর্জরিত ইয়েমেন। পরবর্তী সময়ে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করলে দেশটিতে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।
বিশ্লেষকদের মতে, নতুন করে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত ২০২২ সাল থেকে ইয়েমেনে বজায় থাকা আপেক্ষিক শান্ত অবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়েছে, যা দেশটির দীর্ঘদিনের মানবিক ও বাস্তুচ্যুতি সংকটকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...