বিজ্ঞাপন
গত ৬ নভেম্বর নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া মিস্ত্রিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। তিনি নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি নিজ এলাকার বাবুরডাঙ্গায় একটি মুদির দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ব্যবসায়িক কাজে সহযোগী ও হরিণচড়া আঠিয়াবাড়ি এলাকার সাত্তার আলীর ছেলে ভ্যানচালক মো. সোলায়মানকে (২২) সঙ্গে নিয়ে ব্যক্তিগত একটি কাজে মোটরসাইকেলে ডোমার থেকে জলঢাকায় যান আব্দুর রাজ্জাক। কাজ শেষে বাড়ি ফেরার পথে পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া এলাকায় পৌঁছালে তার প্রস্রাবের চাপ আসে। এ সময় সোলায়মানকে মোটরসাইকেলসহ সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে একটি বাড়ির পেছনে প্রস্রাব করতে যান তিনি।
এ সময় ওই বাড়ির লোকজন তাকে চোর সন্দেহ করে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা আব্দুর রাজ্জাককে আটক করে মারধর শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা সোলায়মান ভয়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্যদিকে নিজেকে নির্দোষ দাবি করেও স্থানীয়দের মারধর থেকে রক্ষা পাননি রাজ্জাক। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন এলাকাবাসী এবং পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর জলঢাকা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে চুরির অভিযোগের কোনো সত্যতা পায়নি। পরদিন শনিবার স্থানীয়ভাবে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুর রাজ্জাককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তবে এরই মধ্যে তাকে আটক ও মারধরের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে চোর হিসেবে উপস্থাপন করায় বিপাকে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।
আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সোলায়মানের সঙ্গে তার একটি কাজে জলঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে প্রস্রাব করার জন্য একটি জায়গায় দাঁড়াই। এ সময় সেখানকার লোকজন আমাকে চোর সন্দেহে প্রচুর মারধর করেন। একপর্যায়ে আমাকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু আমাকে মারধরের ভিডিওটি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে আমাকে চোর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও ফেসবুকের ওই ভিডিও দেখে আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়েছি।’
ঘটনার সময় সঙ্গে থাকা মো. সোলায়মান বলেন, ‘আমার একটি কাজে আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে জলঢাকায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে প্রস্রাব করার জন্য সে গাড়ি থামাতে বলে। এরপর সে প্রস্রাব করতে বসে। এ সময় পাশের একটি বাড়ির লোকজন চোর বলে চিৎকার শুরু করলে এলাকার লোকজন এসে তাকে আটক করে মারধর করেন। অনেক বেশি লোকজন দেখে আমিও ভয় পেয়ে যাই। আমাকে মারধর করতে পারে এবং মোটরসাইকেল ভেঙে দিতে পারে—এমন আশঙ্কায় আমি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসি।’
আব্দুর রাজ্জাকের স্বজনেরা জানান, যে অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এতে তাদের পারিবারিকভাবেও নানা কথা শুনতে হচ্ছে। ঘটনার দিন মারধরের কারণে আব্দুর রাজ্জাক এখনো অসুস্থ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।
হরিণচড়া ইউনিয়ন পরিষদের মো. রাসেল রানা বলেন, ‘আব্দুর রাজ্জাক অত্যন্ত নম্র ও ভদ্র একটি ছেলে। তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি সত্যিই দুঃখজনক। আমরা খবর পেয়ে খোঁজ নিয়ে জেনেছি, যারা প্রকৃত সত্য না জেনে তাকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন, তারাও পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন।’
প্রত্যক্ষদর্শী সুমন ও রুবেল জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করছেন স্থানীয়রা। পরে তারা জানতে পারেন, ওই যুবক চুরির উদ্দেশ্যে সেখানে যাননি; বরং প্রস্রাব করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। তবে ঘটনার দুই দিন আগে ওই গ্রামে কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর দাবি, চুরির আতঙ্ক থেকেই তারা এমন ঘটনা ঘটিয়েছেন।
ইউপি সদস্য নন্দলাল রায় জানান, ওই এলাকায় কিছুদিন আগে টিউবওয়েলের পানিতে অচেতন করার ওষুধ মিশিয়ে কয়েকটি পরিবারের স্বর্ণালংকার, টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছিল। এরপর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার ডোমারের এক ছেলেকে এলাকাবাসী আটক করেছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, চোর সন্দেহে ডোমারের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন স্থানীয়রা। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনার সত্যতা না পাওয়ায় স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...