Logo Logo

হাটহাজারীতে বেসরফ জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা


Splash Image

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমিতে জুতার কারখানার ময়লা-আবর্জনা ফেলে জমির ক্ষতিসাধনের অভিযোগে একটি জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সূত্র মারফত জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই পৌরসভার আবাসিক এলাকায় কৃষিজমির পাশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বেসরফ নামের ওই জুতার কারখানা। কারখানার ময়লা-আবর্জনা ফেলে কৃষিজমি নষ্ট করার অভিযোগে সম্প্রতি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষিজমিতে কারখানার বর্জ্য ফেলে জমির ক্ষতিসাধনের অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানাটির ফায়ার সেফটি ব্যবস্থাপনা এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ছাড়পত্রও পাওয়া যায়নি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, জুতার কারখানার ময়লা-আবর্জনা ফেলে কৃষিজমি নষ্ট করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ফায়ার সেফটি ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...