Logo Logo

গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮


Splash Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজের ফটক ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ মিডিয়া গ্রুপে দেওয়া এক বার্তায় জানান, সোমবার রাতে নাশকতা সৃষ্টির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ছয়টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

পুলিশ সুপার দাবি করেন, বিচ্ছিন্ন এসব নাশকতামূলক ঘটনার পরও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...