Logo Logo

ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও অস্ত্রসহ আটক ৪


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাহবাজপুর এলাকার জিলানী পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মো. মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), মো. স্বপন (২০) এবং একই উপজেলার সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, দুটি ছোরা, একটি লোহার কাটার, লোহার রেঞ্জ, ছোট কাঁচি ও পেরেকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে রাতের বেলায় যানবাহনে ডাকাতি ও ছিনতাই রোধে সাম্প্রতিক সময়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাতে নিয়মিত টহল পরিচালনার সময় এই ডাকাত দলটিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার উপপরিদর্শক (এসআই) রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় শাহবাজপুর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই চারজনকে আটক করা হয়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, আটককৃতদের মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সিয়াম সরকারের বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সরাইল থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...