বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটার অতিরিক্ত ডেটার চাপে অকার্যকর হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনা। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেন হামলার পর প্রথমবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ফ্লাইট-ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের কারণে দেশটির বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এ বিপর্যয়ের প্রভাব যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপের ফ্লাইট চলাচলেও পড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ) জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো আলামত পাওয়া যায়নি, যার ভিত্তিতে বলা যায়, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কোনো বিদ্বেষপূর্ণ হামলা হয়েছে। আপাতত এটি কেবল একটি টেলিযোগাযোগ বিভ্রাট। প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার বা প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি কোনোভাবেই ১১ সেপ্টেম্বরের মতো ঘটনা নয়।’
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এই ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের সর্বশেষ এবং সবচেয়ে বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। দেশটির এ ব্যবস্থা দীর্ঘদিন ধরে পুরোনো অবকাঠামো, যোগাযোগ ও যন্ত্রপাতির ত্রুটি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকটসহ নানা সমস্যায় জর্জরিত।
উল্লেখ্য, এফএএর বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশক পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০টিরও বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
শুক্রবার ফ্লাইট স্থগিতের নির্দেশ কার্যকর হওয়ার পর বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—দেশটির বিভিন্ন বিমানবন্দরের ডিপারচার হল ও এয়ারলাইন কাউন্টারগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় জমে। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিলের ঘোষণা আসতে থাকে। উড়োজাহাজগুলোও গেটের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।
এ পরিস্থিতিতে শুক্রবার রাতে নিউয়ার্ক থেকে লন্ডন যাওয়ার অপেক্ষায় থাকা ৪৭ বছর বয়সী লুইস মাহের নিজের হতাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘যেকোনো মুহূর্তে হয়তো কেঁদে ফেলব, তবে এখনো কাঁদিনি।’ ব্রিটিশ এয়ারওয়েজের তাঁর নির্ধারিত ফ্লাইটটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমাবদ্ধতার কারণে বিলম্বিত হতে পারে—এমন সতর্কবার্তা পাওয়ার পরও তিনি যাত্রার আশা ছাড়েননি।
এদিকে বিমান চলাচলে অচলাবস্থার কারণে বিমানবন্দরে অবতরণ করা অনেক উড়োজাহাজ ট্যাক্সিওয়েতে আটকা পড়ে। আগে থেকেই গেটগুলো পূর্ণ থাকায় এসব উড়োজাহাজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছানোও সম্ভব হচ্ছিল না।
সূত্র : রয়টার্স।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...