এআই নির্মিত ছবি।
বিজ্ঞাপন
গত ১১ নভেম্বর বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে পরিচয়ে আসা শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনাইপ্রবাসী। বিয়ে করার উদ্দেশ্যে পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া গ্রামে। বিয়ের পর আবার বিদেশে যাওয়ার কথা ছিল তার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। সেখানে স্বামী ও শ্বশুরের সঙ্গে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন তিনি। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জানান, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। প্রায় দুই বছর একই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তারা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার মুঠোফোনে যোগাযোগ ছিল।
তামান্নার ভাষ্য, বড় ভাইয়ের বিয়ের কথা সুমিকে জানালে তিনি নিজের কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন। পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাকে পছন্দ হওয়ার পর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় ১১ নভেম্বর। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সেই অনুযায়ী বুধবার সকালে বাসে করে বরসহ ৪২ জন নারী-পুরুষ হবিগঞ্জ থেকে রংপুরে পৌঁছান।
তামান্নার অভিযোগ, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। গয়নাগুলোর মান যাচাইয়ের আগ্রহ দেখান কনের বোন পরিচয় দেওয়া তিন নারী। পরে বর, তার দুই বোন, ভগ্নিপতি, বাবা, কনে এবং ওই তিন নারী নগরীর দেওয়ানবাড়ি সড়কের লক্ষ্মী জুয়েলার্সে যান। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। গয়না ঠিক আছে জানার পর সেগুলোসহ কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, বিউটি পার্লারে ফয়ছল তার দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে অন্যত্র যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাঁকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া এক নারী। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী।
এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটির আর খোঁজ পাওয়া যায়নি। অন্য অটোরিকশাটি রংপুর নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বুধবার বিকেল ৫টার দিকে সেখানে অটোরিকশা থেকে নামেন যাত্রীরা। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী কৌশলে সেখান থেকে চলে যান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিষয়টি বরকে মুঠোফোনে জানান তার দুই বোন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...