বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। তার এক ভাই ও এক বোন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়। দুর্ঘটনার পরপরই চালক ইজিবাইকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতরে ছিলেন। বাইরে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন, তাঁর বিদ্যালয়েরই এক শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...