Logo Logo

নীলফামারীতে জমি বিরোধের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও বাড়িতে লুটপাট


Splash Image

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথথরপাড়া এলাকায় জমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বিরোধের জেরে একটি স্কুলে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, শিক্ষকসহ তিনজনকে মারধর এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর ও চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১২ জনের নাম উল্লেখ করে নীলফামারী সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন— পথথরপাড়া এলাকার আইয়ুব আলী, তাঁর স্ত্রী মঞ্জুয়ারা বেগম, দুই ছেলে মিলন ইসলাম ও মিঠু আলী, মৃত কেতাব আলীর ছেলে খায়রুল ইসলাম ও রুবেল ইসলাম, রুবেলের স্ত্রী মৌসুমী বেগম, তৈয়ুব আলী ও তাঁর স্ত্রী আলেয়া বেগম, জবাইদুল ইসলাম, মৃত এছারাত আলীর ছেলে ইউসুফ আলী এবং জাবেদ আলীর স্ত্রী মনিষা বেগম।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদী মোছা. খালেদা বানুর স্বামী আবুল হোসেন প্রতিষ্ঠিত ‘আবুল হোসেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’-এর মালিকানা ও জমি দখল নিয়ে আইয়ুব আলী গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর সকালে বিদ্যালয়ের ভেতরে কাজ করার সময় শ্রমিক সিরাজুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে স্কুলশিক্ষিকা মোছা. আরনিকা বেগম ও বাদীর ছেলে শিক্ষক খালেকুল ইসলামকেও মারধর করে আহত করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর অভিযুক্তরা বিদ্যালয়ের কক্ষে অনধিকার প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র (এডমিট কার্ড), রেজল্যুশন বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়সংলগ্ন পুকুরের বেড়া কেটে আনুমানিক ১০ হাজার ৫০০ টাকা মূল্যের প্রায় দুই মণ মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী খালেদা বানু জানান, গত ২৬ অক্টোবরের মারামারির ঘটনায় প্রতিপক্ষের কেতাব আলী মারা যাওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের হুমকি ও আতঙ্কে তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রায় ১৫ দিন পর বাড়িতে ফিরে তাঁরা দেখতে পান, ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করা হয়েছে। এ সময় আলমারি ভেঙে তাঁর ও পুত্রবধূর স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগের এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...