বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী মিছিল নিয়ে পাটগাতী গ্রামে এমপি জিলানীর বাড়ির সামনে যান। মিছিলকারীরা বাড়ির ওপর চড়াও হলে আতঙ্কে পরিবারের সদস্য ও ভেতরে থাকা লোকজন ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরবর্তীতে মিছিলকারীরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। তবে আশপাশের সড়কে ব্যারিকেড সৃষ্টি করে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধার সম্মুখীন হয়। ফলে গ্রামবাসী নিজেরাই আশপাশের জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত সোয়া ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িতে আগুন জ্বলছিল বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ জানান, টুঙ্গিপাড়া থানা এলাকা ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতীর বাড়িতে অগ্নিসংযোগের খবর তাঁরা পেয়েছেন। তবে সড়কে চলমান অবরোধ ও ব্যারিকেডের কারণে শুরুতে তাঁরা স্টেশন থেকে বের হতে পারেননি। পরবর্তীতে স্থানীয় কিছু লোকজনের সহায়তায় তাঁরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্টেশনে নতুন যোগদান করায় এলাকার পথঘাট সম্পর্কে তাঁর পূর্ণ ধারণা নেই বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...