বিজ্ঞাপন
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৪০ কোটি মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা 'অ্যারেস ম্যানেজমেন্ট'-এর কাছে এই শেয়ার বিক্রি করছেন জয় মেহতা। সম্পূর্ণ নগদ অর্থে হতে যাওয়া এই বিশাল লেনদেনটি ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির হিসাব অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের বর্তমান মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপির সমান।
বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে, যার ঠিক অর্ধেক তিনি অ্যারেস ম্যানেজমেন্টের কাছে হস্তান্তর করছেন। তবে এই মালিকানা বদলেও দলটির মূল নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না। বলিউড সুপারস্টার শাহরুখ খানের হাতে আগের মতোই ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার থাকছে এবং সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেন অভিনেত্রী জুহি চাওলা। এদিকে, আইপিএলের নিয়ম অনুযায়ী, যেকোনো ফ্র্যাঞ্চাইজির শেয়ার বিক্রির মোট মূল্যের ৫ শতাংশ পায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই হিসেবে এই চুক্তি থেকে বিসিসিআইয়ের কোষাগারে যুক্ত হবে প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি রুপি।
ক্রীড়াঙ্গনে বিনিয়োগের ক্ষেত্রে অ্যারেস ম্যানেজমেন্টের নাম বেশ পরিচিত। মার্কিন এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া লিগগুলোতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং আমেরিকান ফুটবল লিগ (এনএফএল)-এর দল মায়ামি ডলফিনসে ইতোমধ্যেই তাদের অংশীদারিত্ব রয়েছে। এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টের দল 'ট্রেন্ট রকেটস'-এরও সহ-মালিক তারা। কেকেআরের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ভারতীয় ক্রিকেটেও নিজেদের ব্যবসার পরিধি বাড়াল সংস্থাটি।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে ওঠার পর শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা একত্রিত হয়ে 'কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড' গঠন করেন। সাম্প্রতিক সময়ে আইপিএল দলগুলোর বাজারমূল্য আকাশচুম্বী হওয়ায় বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর এখন এই লিগের দিকে। এর আগে রাজস্থান রয়্যালসের মালিকানা হাতবদল হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপিতে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য নির্ধারিত হয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি, যেখানে ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারসের মতো মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। অন্যদিকে, ২০২২ সালে সিভিসি ক্যাপিটাল গুজরাট টাইটান্স অধিগ্রহণ করলেও পরবর্তীকালে ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে বাকি অংশ টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...